কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরে মাদকবিরোধী অভিযানে গেলে র্যাব সদস্যদের ওপর গুলিবর্ষণে দুই র্যাব সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন কক্সবাজার র্যাব-১৫-এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ (এএসপি) শাহ আলম ।
গুলিবিদ্ধ র্যাব সদস্যরা হলেন- কক্সবাজার র্যাব-১৫-এর সিপিসি সদস্য সৈনিক ইমরান ও কর্পোরাল শাহাব উদ্দিন।
র্যাব জানায়, বিকালে গোপন তথ্যের ভিত্তিতে চিহ্নিত মাদক কারবারিদের আস্তানায় অভিযানে গেলে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। এতে দুই র্যাব সদস্য গুলিবিদ্ধ হয়েছে। তাদের টেকনাফে মেরিন সিটি নামের একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে প্রেরণ করা হচ্ছে।
টেকনাফ মেরিন সিটি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরহাদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, বিকাল ৫টার দিকে র্যাবের গাড়িতে করে গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে আনা হয়েছে। তাদের কোমরের পেছনে গুলির আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের কক্সবাজারে পাঠানো হয়েছে।
কক্সবাজার র্যাব-১৫ টেকনাফ সিপিসি অধিনায়ক লে. মির্জা শাহেদ মাহতাব জানান, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এ দিকে ক্যাম্পের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ছাউনি টাওয়ার এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় র্যাব সদস্যরা অভিযান চালায়। মাদক ব্যবসায়ী আনোয়ার সলিমকে (৩২) আটকের সময় মাদক ব্যবসায়ীরা পাঁচ রাউন্ড গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এতে র্যাবের দুইজন সদস্য আহত হন।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
এদিকে ঘটনায় জড়িত রোহিঙ্গা সন্ত্রাসীদের গ্রেফতারে র্যাব অভিযান চালাচ্ছে বলে জানান এএসপি শাহ আলম।

0 comments: