Saturday, July 27, 2019

ফেনীতে আবারও ডাকাতি

SHARE
ফেনী প্রতিনিধি : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক কৃষি উপদেষ্টা সিএস করিমের গ্রামের বাড়ি সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দিতে বৃহস্পতিবার রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এসময় ডাকাত দল স্বর্ণালংকারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী গতকাল শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।
ডাকাত দলের হামলায় উপদেষ্টার ভাতিজা নুর মোহাম্মদ আজাদ ওরফে ভিপু চৌধুরী, তার ছোট ভাই নুর হাসনাত ও স্কুল ছাত্র ইসতেহার হোসেন চৌধুরী ফাহিম আহত হয়। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে নুর মোহাম্মদ আজাদ বাদি হয়ে অজ্ঞাতনামা ২৫-৩০জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় ডাকাতি মামলা করেছেন।No photo description available.
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি এলাকায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সিএস করিমের গ্রামের বাড়িতে হানা দেয় ২৫-৩০ জন মুখোশধারী সশস্ত্র ডাকাতদল। ডাকাতেরা বাড়ির দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে।
গৃহকর্তা নুর মোহাম্মদ আজাদ দাবি করেন, ডাকাতেরা তাদের ঘরের ৩টি আলমিরার তালা ভেঙ্গে ৮ ভরি স্বর্ণালংকার, নগদে তিন লাখ টাকা, ৫টি মোবাইল ফোন, ২টি চার্জ লাইট ও কাপড় চোপড়সহ দশ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে গেছে। এসময় বাঁধা দিয়ে চিৎকার করতে চাইলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে (নুর মোহাম্মদ আজাদ) ও তার ভাই নুর হাসনাতকে গুরুত্ব আঘাত করে মালামাল নিয়ে চলে যায়। একই সময়ে ডাকাত দল ওই বাড়ির উপদেষ্টার চাচাতো ভাই আবুধাবী প্রবাসী ইফতেখার হোসেন চৌধুরীর ঘরে মুখোশধারী সশস্ত্র ডাকাত দল হানা দেয়।
গৃহকর্তা ফুট্ট মিয়া বলেন, ডাকাতদল একই কায়দায় ঘরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরার তালা ভেঙে ৯ ভরি স্বর্ণালংকার, নগদে ২১হাজার টাকা, ২টি মোবাইল ফোনসহ ৫ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। এসময় তার নাতি মো. ইসতেহার হোসেন চৌধুরীর পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করেছে। এসময় পরিবারের সদস্যদের চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতেরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন । 

SHARE

Author: verified_user

https://zikrulsirfarmgate.blogspot.com/

0 comments: