Wednesday, July 24, 2019

১৫ দিনের মধ্যে সাত কলেজের সমস্যা সমাধানের আশ্বাস

SHARE
সম্পাদকঃ  ১৫ দিনের মধ্যে সাত কলেজের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ বুধবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, অবৈজ্ঞানিক পদ্ধতিতে সাত কলেজের অধিভুক্তি হয়েছে। তাই সাত কলেজের সুষ্ঠু সমাধান ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষা হয় এই জন্য বৈজ্ঞানিক উপায়ে এটির সমাধান করা হবে।
এছাড়া সাত কলেজের সমস্যা সমাধানে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ঢাবি উপাচার্য। ১৫ কার্যদিবসের মধ্যে কমিটি একটি সিদ্ধান্ত নিবে বলে আশা করেন তিনি।
এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সাত কলেজের অধিভুক্তি বাতিলের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আজ বুধবার সকাল ১১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরীর সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনকারীদের মুখপাত্র শাকিল মিয়া।
তিনি বলেন, আমাদের দাবী হচ্ছে সাত কলেজের অধিভুক্তি বাতিল। আমরা আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। তিনি আরো বলেন, আমাদের দাবী যদি না মানা হয় এবং আবার যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে সাধারণ শিক্ষার্থীরা তার সমুচিত জবাব দেবে।
আন্দোলনকারীদের আরেকজন আকরাম হোসেন বলেন, ‘ঢাবি আদেশ ১৯৭৩ অনুযায়ী বিশ্ববিদ্যালয় চাইলে অধিভুক্তি বাতিল করতে পারে এবং আমরা এজন্যই আন্দোলন করছি। আমাদের এ আন্দোলন কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু গতকাল ছাত্রলীগ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে।'
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান চীনের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ৬-দিনের এক সরকারি সফর শেষে আজ মঙ্গলবার দুপুরে দেশে ফিরেছেন। চীনের কুনমিং ইউনান বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে গত ১৮ জুলাই চীন সফরে গিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
SHARE

Author: verified_user

https://zikrulsirfarmgate.blogspot.com/

0 comments: